সুন্দরবন বিশেষজ্ঞ আকতারুজ্জামান গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন ও বাঘ বিশেষজ্ঞ আকতারুজ্জামান কামাল গুরুতর অসুস্থ হয়ে মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উচ্চ রক্তচাপ ও ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।আকতারুজ্জামান প্রায় অর্ধশতাব্দী ধরে সুন্দরবন পর্যবেক্ষণ করেছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য, বিশেষ করে বাঘ সম্পর্কে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন। তিনি পরিচিতজনদের মধ্যে ‘বাঘ মামা’ বলে খ্যাত। সুন্দরবন ও বাঘ নিয়ে তাঁর কয়েকটি গ্রন্থও রয়েছে।পারিবারিক সূত্র জানায়, ১০ অক্টোবর তিনি পল্লবীর বাসায় বাথরুমে পড়ে গিয়ে মূর্ছা যান। চিকিৎসার শুরুতে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল থেকে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।বাঘ মামার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে। ষাট ও সত্তরের দশকে তিনি রাষ্ট্রীয় অতিথিদের ‘ট্যুরিস্ট গাইড’ হিসেবে সুন্দরবন ভ্রমণে নিয়ে যেতেন। এই তালিকায় ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আইয়ুব খান, নেপালের রাজা নরেন্দ্র বীর বিক্রম ও রাজেন্দ্র বীর বিক্রম, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটোসহ অনেকেই। বাঘ মামার রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি বইটিতে বাঘ সম্পর্কে রয়েছে বিপুল তথ্য ও তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার ছাপ। শিশুতোষ গ্রন্থ মিশুক ও চলো যাই সুন্দরবন বই দুটি ছাড়াও তিনি পত্রপত্রিকায় অনেক প্রবন্ধ লিখেছেন সুন্দরবন নিয়ে।পরিবারের পক্ষ থেকে বাঘ মামার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে।