সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়লে দুই দেশই ধিক্কৃত হবে
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিলে বাংলাদেশ ও ভারত দুই দেশই আন্তর্জাতিকভাবে ধিক্কৃত হবে। এই দুই দেশ যৌথভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার কারণে সুন্দরবনও ধ্বংস হবে। এতে সুন্দরবন বিনাশে দেশি-বিদেশি দুর্বৃত্ত গোষ্ঠীর তৎপরতা আরও সহজ হবে। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণাকারী ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিশনের ৪১তম অধিবেশন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে যুক্তিহীনভাবে মানুষ ও প্রকৃতিবিধ্বংসী একগুঁয়েমি দিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনধ্বংসী রামপাল প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। এতে বাংলাদেশের সুন্দরবন অংশ অচিরেই বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সুন্দরবন ধ্বংস হয়ে দুই দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষ প্রত্যক্ষভাবে বিপদগ্রস্ত হবে। জনগণের অর্থ খরচ করে সরকারি নানা দল ইউনেসকোকে বোঝানোর নাম করে ইউরোপে আনন্দ সফর করছে। অথচ আমরা অঞ্চলে সরেজমিনে দেখেছি, প্রকল্পের জমি ভরাট করতে নদী ড্রেজিং করায় এর মধ্যেই নদীভাঙন ও দূষণ দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় কমিটি থেকে বহুবার সরকারকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও যুক্তি উপস্থাপন করে দেখানো হলেও কোম্পানি যে দূষণ দূর করার কাহিনি বলছে, দুনিয়ায় তার কোনো গ্রহণযোগ্য দৃষ্টান্ত নেই। এসব প্রযুক্তি ব্যবহার দরপত্র ও অন্যান্য দলিলের সঙ্গেও সংগতিপূর্ণ নয়। আর বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকেই দেখা যায় যে এতে দূষণ দূর হবে না।
জাতীয় কমিটি নেতৃবৃন্দ আরও বলেন, সুন্দরবন ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকা থেকে বাদ পড়ে গেলে বিশ্বজুড়ে বিষয়টি এভাবে উপস্থিত হবে যে বাংলাদেশ এমন একটি দেশ, যারা প্রকৃতিপ্রদত্ত এক অসাধারণ সম্পদ ধরে রাখার যোগ্যতা রাখে না। এ দেশের মানুষের সেই সক্ষমতা বা পরিপক্বতা নেই। বিশ্বজুড়ে বাংলাদেশ ও ভারতের সরকার ধিক্কৃত হবে।