সুন্দরবন ভ্রমণে নীতিমালা হয়নি ১৩৫ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত বন ঘোষণার পর ১৩৫ বছরেও সুন্দরবন ভ্রমণে পর্যটন নীতিমালা করা হয়নি। প্রতিবছর দেশি-বিদেশি হাজারো পর্যটক বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ করলেও যথাযথ নীতিমালা না থাকায় এর বিরূপ প্রভাব পড়ছে বনের ওপর।
খুলনা বিভাগের আঞ্চলিক বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ বছরে সুন্দরবনে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০১-২০০২ অর্থবছরে সুন্দরবন ভ্রমণে আসে দেশি-বিদেশি ৫৯ হাজার ১৬৯ জন পর্যটক। বন বিভাগের রাজস্ব আয় হয় ১১ লাখ ৩৭ হাজার ৮৩৯ টাকা। ২০১২-২০১৩ অর্থবছরে সুন্দরবনে পর্যটকসংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ ৫৫ হাজার ৩১৭ জনে। রাজস্ব আদায় হয় এক কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৪০৫ টাকা। তবে সুষ্ঠু নীতিমালা না থাকায় সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের তেমন বিকাশ ঘটছে না।
বন বিভাগ জানায়, ১৮৭৮ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেয় সরকার। এর এক বছর পর বন বিভাগকে সুন্দরবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ১৩৫ বছরেও সুন্দরবনের পর্যটকদের জন্য নীতিমালা হয়নি। পর্যটন আইন বা নীতিমালা না থাকায় এর বিরূপ প্রভাব পড়ছে সুন্দরবনের ওপর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত অক্টোবর-নভেম্বর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটকের বেশি সমাগম ঘটে। এ সময় বিভিন্ন দেশের কয়েক হাজার পর্যটকসহ কয়েক হাজার প্রকৃতিপ্রেমী সুন্দরবন ভ্রমণে আসেন। বেশির ভাগ পর্যটকই অভয়ারণ্য এলাকায় তিন থেকে পাঁচ দিন অবস্থান করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন ভ্রমণে কোনো নীতিমালা না থাকলেও বন বিভাগের কিছু শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ভ্রমণের ক্ষেত্রে ব্যবহৃত জলযানগুলোকে অব্যশই সমুদ্র পরিবহন অধিদপ্তরের ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এ ছাড়া জলযানে বর্জ্য রাখার ব্যবস্থা, বনে প্রবেশের পর জলে-স্থলে কোথাও বর্জ্য না ফেলা, জলযানে ৭০ জনের অধিক পর্যটক বহন না করা, চলাচলের জন্য নির্ধারিত রুট ব্যবহার করা এবং ভ্রমণে অনুসরণীয় বিষয় সম্পর্কে পর্যটকদের অবহিত করার নিয়ম রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
বন বিভাগের শর্ত অনুযায়ী, একটি জলযান সাধারণত ৫০ জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিটি জলযানে ৭০ জন বহন করা যায়। ভ্রমণের ক্ষেত্রে একজন বিদেশি পর্যটককে প্রতিদিনের জন্য রাজস্ব দিতে হয় ৭৫০ টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট। আর দেশের পর্যটককে প্রতিদিন ভ্যাটসহ রাজস্ব দিতে হয় ১৫০ টাকা। শিক্ষার্থী ও গবেষকদের ক্ষেত্রে ভ্যাটসহ এ রাজস্ব ৩০ টাকা। এ ছাড়া ক্যামেরা বহনসহ অন্যান্য খাতে পর্যটকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো নৌযানে ১৫০ থেকে ৩০০ জনের অধিক পর্যটক বহন করা হয়। তবে বন বিভাগে জমা হয় শুধু ৭০ জনের রাজস্ব। আর অভয়ারণ্যে ও সুন্দরবনের সংরক্ষিত এলাকায় হট্টগোল আর বিভিন্ন শব্দযন্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। স্পটগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
জানতে চাইলে খুলনা বিভাগের আঞ্চলিক প্রধান বন সংরক্ষক (সিএফ) কার্তিক চন্দ্র সরকার বলেন, শিগগিরই সুন্দরবনকেন্দ্রিক পর্যটন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে বন বিভাগ, পর্যটন ব্যবসায়ী ও পর্যটকদের দায়দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট বাধ্যবাধকতা থাকবে।
সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের সুরক্ষায় সব ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই ভ্রমণ নীতিমালা প্রণয়ন করা হবে।