সুন্দরবন মায়ের মতো আগলে রাখে: আনু মুহাম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনু মুহাম্মদ। ছবি সংগৃহীত
আনু মুহাম্মদ। ছবি সংগৃহীত

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘সুন্দরবন প্রকৃতিসৃষ্ট বন। এই বন আমাদের মায়ের মতো আগলে রাখে। ঝড়-ঝঞ্ঝাসহ বিভিন্ন প্রাকৃতিক দৈব-দুর্বিপাক থেকে আমাদের রক্ষা করে। তাই আমার মাকে হত্যা করার এ আয়োজন আমরা সমর্থন করতে পারি না।’
আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক পথসভায় আনু মুহাম্মদ এসব কথা বলেন। পথসভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মধুখালী শাখার সভাপতি মালেক সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদ।
শেখ মো. শহীদুল্লাহ বলেন, ‘সুন্দরবনের কাছে আমাদের অনেক ঋণ। যেকোনো মূল্যে সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কর্মসূচি প্রতিহত করতে হবে।’ তিনি বলেন, ভারতীয় কোম্পানি রামপালে ৩০ বছর মেয়াদে যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে, সেই কোম্পানি প্রতিদিন সাড়ে আট কোটি টাকা মুনাফা করবে। সেই হিসাবে ৩০ বছরে সুন্দরবন ধ্বংস করে ওই কোম্পানি এক লাখ ৪০ হাজার কোটি টাকা মুনাফা লুটে নেবে।
সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চের কাফেলা ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী হয়ে গতকাল রাতে ফরিদপুরে অবস্থান করে। আজ সকালে ফরিদপুরের মধুখালীতে পথসভা শেষে বেলা সাড়ে ১১টায় গড়াই সেতু পার হয়ে মাগুরা জেলায় প্রবেশ করে।