সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল রোববার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তারা ‘সুন্দরবনবিনাশী’ সব প্রকল্প বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানান।
রফিউর রাব্বি বলেন, সুন্দরবনে রামপাল প্রকল্প সামনে রেখে একে একে ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিপইয়ার্ড, সাইলো, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন বাণিজ্যিক ও দখলদারি অপতৎপরতা চলছে। শত শত একর জমি দখল করে সেখানে লুটপাটের উৎসব শুরু হয়েছে। সুন্দরবনকে মানুষের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য সরকারকে ‘সুন্দরবন নীতিমালা’ প্রণয়ন করতে হবে।