সুন্দরবন রক্ষা করে বিদ্যুৎ চাই
আমরা বিদ্যুৎ চাই, কিন্তু সেটা সুন্দরবন ধ্বংস করে নয়। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে। কিন্তু সুন্দরবনের বিকল্প কেবল সুন্দরবনই। বিশ্বের অন্যতম ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সুন্দরবন রক্ষার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের জনমত, বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করছে সরকার। রামপালের ওই বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১৩ হাজার ২০০ টন কয়লা পুড়িয়ে ৭৯ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে। যা পরিবেশের জন্য চরম হুমকি হয়ে দেখা দেবে। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন সুন্দরবন ধ্বংসের মুখে পড়বে। ঝুঁকির মধ্যে পড়বে ৩৫ প্রজাতির শ্বাসমূলীয় উদ্ভিদ, ৫০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩২০ প্রজাতির পাখি, ৫০ প্রজাতির সরীসৃপ, আট প্রজাতির উভচর প্রাণী, ৪০০ প্রজাতির মাছ, ৩৩৪ প্রজাতির উদ্ভিদে সমৃদ্ধ ইউনেসকোঘোষিত ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। তা ছাড়া পরিবেশদূষণ এড়ানোর জন্য বিশ্ব যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে, তখন বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, ‘অনেক বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে তা আর সৃষ্টি করা সম্ভব হবে না। তাই আমাদের দাবি, অবিলম্বে সুন্দরবন এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বন্ধ করতে হবে।’
ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি মণিষা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল হক, বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা সংগঠক নীলিমা জাহান, ব্রজমোহন কলেজ শাখার সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্কুলের শিক্ষার্থী প্রদীপ্ত সাহা, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শঙ্কু অধিকারী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।