
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, শুধু সাইকেল না, হেঁটে, ঠেলাগাড়ি, রিকশা, গানে, নাটকে, ছবি আঁকা, মিছিলে, সমাবেশে সব মাধ্যমেই সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ হবে। সুন্দরবন রক্ষা, বাংলাদেশ রক্ষার সমর্থক। কারণ, সুন্দরবন যদি না থাকে, বাংলাদেশও থাকে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে আয়োজিত সাইকেল শোভাযাত্রায় হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ সমাবেশে আনু মুহাম্মদ আরও বলেন, সরকার যখন সাইকেল মিছিলকে ভয় পাওয়া শুরু করেছে, তখন বোঝা যায় যে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই। সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প করার ব্যাপারে এত দিন যে দম্ভ প্রকাশ করেছিল তার মধ্যে কেনো যুক্তি নেই। তিনি বলেন, ‘যে হাত আপনারা ভেঙেছেন, সেটা গণতন্ত্রের হাত। আর যে হাত দিয়ে আক্রমণ করা হয়েছে, তা হচ্ছে স্বৈরাচারের হাত। রামপাল নিয়ে মিথ্যাচার করলে তো আপনারা পার পাবেন না। কারণ, এখানে তরুণেরা, বিশেষজ্ঞরা, সর্বস্তরের মানুষ প্রতিরোধ করছেন।’
সুন্দরবনবিরোধী সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সমাবেশে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘শান্তিপূর্ণ সাইকেল মিছিলকে সরকার ভয় পায়। কোন আইনে আমাদের ট্যাক্সের টাকায় কেনা জলকামান ছোড়া হলো? নিরীহ সাইকেল মিছিলে যখন জলকামান ছোড়ার প্রয়োজন পড়ে তখন আবারও বোঝা যায় যে আমাদের প্রতিবাদ সঠিক পথেই এগোচ্ছে।’
সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতারা উপস্থিত ছিলেন।