সুন্দরবন রক্ষা, বাংলাদেশ রক্ষার সমার্থক: আনু মুহাম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, ‘শুধু সাইকেল না, পায়ে হেঁটে, ঠেলা গাড়ি, রিকশা, গানে, নাটকে, ছবি আঁকা, মিছিলে, সমাবেশে—সব মাধ্যমেই রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ হবে। সুন্দরবন রক্ষা, বাংলাদেশকে রক্ষার সমার্থক। কারণ, সুন্দরবন যদি না থাকে, তবে বাংলাদেশ থাকে না।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গত ৩০ সেপ্টেম্বর রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে সাইকেল র‍্যালিতে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ সমাবেশে আনু মুহাম্মদ বলেন, সরকার যখন সাইকেল-মিছিলকে ভয় পাওয়া শুরু করেছে, তখন বোঝা যায় যে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই। সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প করার ব্যাপারে এত দিন যে দম্ভ প্রকাশ করেছিল, তার মধ্যে কোনো যুক্তি নেই। তিনি বলেন, ‘যে হাত আপনারা ভেঙেছেন, সেটা গণতন্ত্রের হাত। আর যে হাত দিয়ে আক্রমণ করা হয়েছে, তা হচ্ছে স্বৈরাচারের হাত। রামপাল নিয়ে মিথ্যাচার করলে তো আপনারা পার পাবেন না। কারণ, এখানে তরুণেরা, বিশেষজ্ঞরা, সর্বস্তরের মানুষ প্রতিরোধ করছেন।’

সরকারকে উদ্দেশ করে আনু মুহাম্মদ বলেন, রামপাল নিয়ে জনগণ জালিয়াতি ও প্রতারণা ধরতে পেরেছে বলেই সরকারের এত ভয়। এই প্রতারণা ধরে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করছে বলেই সরকারের এত দমন-পীড়ন। কিন্তু এই দমন-পীড়নে তরুণেরা পিছপা হবে না। তাঁরা আরও সজাগ হয়েছে, সক্রিয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সুন্দরবনবিরোধী সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সমাবেশে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘শান্তিপূর্ণ সাইকেল মিছিলকে সরকার ভয় পায়। কোন আইনে আমাদের ট্যাক্সের টাকায় কেনা জলকামান ছোড়া হলো? নিরীহ সাইকেল মিছিলে যখন জলকামান ছোড়ার প্রয়োজন পড়ে, তখন আবারও বোঝা যায় যে আমাদের প্রতিবাদ সঠিক পথেই এগোচ্ছে।’

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।