সুন্দরবন রক্ষায় জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় জাতীয় জাগরণ সৃষ্টি করার কথা বললেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেছেন, সুন্দরবন একটি অঞ্চল বা দেশের সম্পদ নয়, এটি আন্তর্জাতিক সম্পদ। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনে আনু মুহাম্মদ এসব কথা বলেন। কনভেনশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটা সারা বিশ্বের সম্পদ, এটা মহাপ্রাণ। সুন্দরবন রক্ষায় সবার মধ্যে জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে। কারণ, এ সমস্যা কোনো নির্দিষ্ট এলাকার নয়। এই বন ধ্বংস হলে বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়বে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সফরে যেতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে জাতীয় কমিটিকে আমন্ত্রণের বিষয়ে আনু মুহাম্মদ বলেন, সরকারকে প্রথমে বিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিত এবং এটা নিয়ে অপপ্রচার বন্ধ করতে হবে।