সুন্দরবন রক্ষায় মংলা-ঘাসিয়াখালী রুট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনায় ক্ষতি থেকে দ্রুত উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সুন্দরবন রক্ষায় নৌরুট হিসেবে মংলা-ঘাসিয়াখালী চ্যানেলটি চালু করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন তিনি।

আজ সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলেন। তিনি গোপালগঞ্জ ও যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গেও মতবিনিময় করেন।

ভারত-বাংলাদেশ নৌ-প্রোটোকল রুট ও দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের নৌ-বাণিজ্য যোগাযোগের জন্য ঘাসিয়াখালী চ্যানেলটি পলি পড়ে ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়ায় শ্যালা নদী দিয়ে নৌরুট চালু করা হয়।
৯ ডিসেম্বর সুন্দরবন এলাকায় শ্যালা নদীতে সাড়ে ​ি​তন লাখ লিটার ফার্নেস অয়েলসহ তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সাউদার্ন স্টার ৭’ ডুবে যায়। এতে তেল ছড়িয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ ঘটনায় শ্যালা নদী দিয়ে নৌ চলাচলের অনুমতি দেওয়ায় আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সমালোচনার মধ্যে পড়ে। সুন্দরবনজুড়ে তেল ছড়িয়ে পড়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো দিকনির্দেশনা এল।

ভিডিও কনফারেন্সে খুলনা বিভাগীয় কমিশনারকে প্রধানমন্ত্রী বলেন, ‘সুন্দরবনের মধ্যে একটা অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় সেখানে তেল ছড়িয়ে পড়েছে। এটা ঠিক, সেখানে স্থানীয় লোকজন তেল সংগ্রহ করছে। এটা বেশ কার্যকর পদ্ধতি, সেখানে লোকজন উৎসাহ নিয়ে কাজ করছে। আমি আশা করি এটা কার্যকর হবে। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মংলা বন্দরে আসার জন্য ঘাসিয়া খাল ছিল। সে ঘাসিয়া খালটা দিয়েই নৌকা চলাচল করতো। ২০০১ সালে বিএনপি আসার পর মংলা বন্দর বন্ধ করে দেয়। মংলা বন্দরে কোনো জাহাজ আসত না। ফলে ঘাসিয়া খালটার আর কোনো গুরুত্ব ছিল না। এটা ধীরে ধীরে পলি পড়ে ভরাট হয়ে যায়। দীর্ঘদিন এটা খনন হয়নি।’

ঘাসিয়া খালের সঙ্গে যুক্ত শাখা খালের মুখ খুলে দেওয়ার পাশাপাশি এখানকার চিংড়ি ঘেরগুলো বন্ধ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিংড়ি ঘের দিয়ে শাখা খালের মুখ বন্ধ করা আছে। এটা খুলে দিতে হবে। তাহলে খালটা চালু থাকবে।’ তিনি বলেন, একটা সমীক্ষা করে দেখতে হবে। কোন কোন এলাকায় এই চিংড়ি ঘের করায় খালে পানি আসা বন্ধ হয়েছে। যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা খালের মুখ বন্ধ হয়ে গেছে, সেখানে তা খুলে দিতে হবে। ঘাসিয়ার খাল চালু হলে মংলা বন্দরে যেতে পথ সাত–আট মাইল পথ কমে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার সুন্দরবনে ট্যাঙ্কার ডুবির ঘটনায় তেল অপসারণে জোরালো নজরদারি করা হচ্ছে জানিয়ে বলেন, সুন্দরবনে আরও লোক লাগানো হয়েছে। আরও নৌকা নামানো হয়েছে।
ভিডিও কনফারেন্সের সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মজিবুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।