সুন্দরবন রক্ষায় মহাজাগরণ গড়ে তোলার আহ্বান
সুন্দরবন রক্ষায় জাতীয় মহাজাগরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১০ থেকে ১৩ মার্চ সুন্দরবন অভিমুখী জনযাত্রাকে সফল করারও আহ্বান জানায় কমিটি।
গতকাল শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে প্রগতি সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় বক্তারা জনমতকে উপেক্ষা করে সুন্দরবনবিধ্বংসী রামপাল ও ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, যেখানে অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে এই প্রকল্প হলে সুন্দরবনের ক্ষতি হবে, তারপরও কেন এই প্রকল্প, কার স্বার্থে এই প্রকল্প?
জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কল্লোল মোস্তফা, মুসাইদা সুলতানা, জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।