সুন্দরবন রক্ষায় ২৪-২৮ সেপ্টেম্বর লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং জাতীয় কমিটি ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লংমার্চের যাত্রাসূচি ঘোষণা করা হয়। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সহজ ও টেকসই পথে না গিয়ে সরকার বারবারই ভুল নীতি গ্রহণ করেছে। এর ফলে বিদ্যমান সংকটই ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ। লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সদস্যসচিব ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

লিখিত বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার শুধু সুন্দরবনকে ধ্বংস করবে তা-ই নয়, এর মাধ্যমে দেশকে বড় এক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ উত্পাদনের বহু বিকল্প থাকলেও সুন্দরবনের বিকল্প নেই। তাই সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবিতে ২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লংমার্চ ঘোষণা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের মধ্যে রামপাল বিদ্যুত্ প্রকল্পসহ সুন্দরবন ধ্বংসকারী সব  তত্পরতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ রহমতুল্লাহ,  লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাগীব আহসান মুন্না, জোনায়েদ সাকী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। সিপিবিসহ বিভিন্ন বাম দলের নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, লংমার্চ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

লংমার্চের যাত্রাসূচি

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার: সকাল নয়টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চের যাত্রা শুরু হবে। এরপর শাহবাগ, সাভার রানা প্লাজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ধামরাই হয়ে মানিকগঞ্জে জনসভার পর রাতযাপন।

২৫ সেপ্টেম্বর, বুধবার: গোয়ালন্দ, রাজবাড়ী হয়ে ফরিদপুরে জনসভা ও রাতযাপন।

২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: মধুখালী, কামারখালী, মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ। এরপর  যশোরে জনসভা ও রাতযাপন।

২৭ সেপ্টেম্বর, শুক্রবার: ফুলতলা, দৌলতপুর, খালিশপুর হয়ে খুলনায় জনসভা শেষে রাতযাপন।

২৮ সেপ্টেম্বর, শনিবার: বাগেরহাট, রামপাল  (গৌরম্ভা বাজার, চুলকাঠি)। এদিন বিকেলে রামপালের দ্বিগরাজে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

যাত্রাপথে লংমার্চ রুটের জেলাগুলোতে জনসভা ছাড়াও বিভিন্ন স্থানে পথসভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।