সুন্দরবন রক্ষার দাবিতে গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবি জানিয়েছে বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বরিশাল’। দাবি আদায়ে সংগঠনটির পক্ষ থেকে গত রোববার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও পরিচালনা করা হয়।
নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গত রোববার সকাল ১০টায় দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করা না হলে লাগাতার আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মণিষা চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সহসভাপতি নূরজাহান বেগম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, উন্নয়ন সংগঠক রণজিৎ দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখার সভাপতি দীপংকর কুণ্ডু, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক সুমাইয়া মল্লিকা প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সুন্দরবনের মধ্য দিয়ে বাণিজ্যিক নৌপথ বন্ধ করতে হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দবরন ধ্বংসকারী সব প্রকল্প বন্ধেরও দাবি করেন তাঁরা।