সুন্দরবন রক্ষার দাবিতে বরিশালে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবি জানিয়ে গতকাল বুধবার বরিশাল শহরে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন-বিনাশী সব অপতৎপরতা বন্ধসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য হারুন-অরÑরশীদ, মো. শাহজাহান হাওলাদার, আরিফুর রহমান ও মালেকা বেগম, ছাত্র ফেডারেশনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নবীন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। সুন্দরবন আমাদের সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছে। সেই সুন্দরবনকে হুমকির মুখে ফেলে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ফলে সুন্দরবন ধ্বংসের পাশাপাশি পরিবেশ বিপর্যয় ও জলবায়ুর ওপরও বিরূপ প্রভাব পড়বে। সুন্দরবন রক্ষা করে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সরকার সুন্দরবন-বিনাশী পরিকল্পনায় নেমেছে। এই প্রকল্প বাস্তবায়নে খোঁড়া যুক্তি দেখানোর চেষ্টা চালাচ্ছে। সুন্দরবনকে রক্ষার জন্য অন্য কোথাও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুরোধ জানান তাঁরা।