সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন
সুন্দরবনে সাম্প্রতিক তেলদূষণে ক্ষতির পরিমাণ কমানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের কয়েকটি পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরের সব নৌরুট স্থায়ীভাবে বন্ধ ও সুন্দরবনের পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষার দাবিও জানিয়েছে সংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। ইকো ফ্রেন্ডস, গ্রিন সাইক্লিস্ট, পূর্বাশার আলো, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইয়ুথ ভয়েস, বর্ণের হাতে খড়িসহ বেশ কয়েকটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি দেলওয়ার হোসেন মজুমদার, পরিবেশবিদ ইদ্রিস আলী প্রমুখ।