সুন্দরবন ঘেঁষে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখী লংমার্চ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শুরু হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া লংমার্চটি শাহবাগ-এলিফ্যান্ট রোড-মিরপুর রোড হয়ে গাবতলী দিয়ে গন্তব্যের দিকে যাবে। এতে বিভিন্ন বাম সংগঠন ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশ নিচ্ছেন।
লংমার্চে উপস্থিত আছেন তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহীন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকী প্রমুখ।
বাগেরহাটের রামপালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হওয়ার পথে। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাটি ভরাট করার কাজ প্রায় শেষ। ৫৯ শর্তে পরিবেশ অধিদপ্তর থেকে প্রকল্পটির জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) অনুমোদন দেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুেকন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত থাকবেন বলে আশা করছে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।
তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রকল্পটিকে সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। তারা বলছে, এই প্রকল্প নির্মিত হলে সুন্দরবনের প্রকৃতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। দুই দেশের মধ্যে সুন্দরবন ও বেঙ্গল টাইগার রক্ষায় যে চুক্তি হয়েছে, এটা তারও লঙ্ঘন। একই সঙ্গে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রক্ষারও পরিপন্থী এটি।
বাগেরহাটের জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা গেছে, রামপাল তাপবিদ্যুেকন্দ্রের স্থান হিসেবে সরকার সাপমারী-কাটাখালী ও কৈগর্দাশকাঠি মৌজায় মোট এক হাজার ৮৩৪ একর কৃষি জমি অধিগ্রহণ করে। এর মধ্যে সাপমারী-কাটাখালী মৌজার এক হাজার ৪০০ একর জমির সবটুকু এবং কৈগর্দাশকাঠি মৌজার ৪৩৪ একর কৃষিজমি। এর মধ্যে মইদাড়া নদীসহ মোট ১০টি খাল ওই জমির ভেতর দিয়েই প্রবাহিত হয়ে গেছে। খাস খতিয়ানভুক্ত জমির মোট পরিমাণ প্রায় ৮৪ একর। বাকি সবটুকু জমিই ব্যক্তিমালিকানাধীন।