সুন্দরবন রক্ষার দাবিতে সুজনের মানববন্ধন

সুন্দরবন ও সুন্দরবনের পরিবেশ রক্ষার দাবিতে আজ শনিবার বাগেরহাট শহরে মানববন্ধন ও পথসভা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বিকেলে শহরের মিঠাপুকুর পাড়ে খান জাহান আলী সড়কে সুজনের জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার।
মানববন্ধনে সুন্দরবনের ভেতর দিয়ে ও ঘষিয়াখালী-মংলা নৌপথে স্থায়ীভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের দাবি জানানো হয়।
পথসভায় বক্তারা বলেন, বিভিন্ন মহল থেকে তাগাদা দেওয়ার পরও সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ না করায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ এক মহাবিপর্যয়ের মুখে। বাগেরহাটের মানুষ সুন্দরবনের ভেতর দিয়ে এই নৌপথ চিরদিনের মতো বন্ধ দেখতে চায়। পাশাপাশি লবণপানি থেকে এলাকার কৃষি ও মাটি বাঁচাতে বাগেরহাটবাসী ঘষিয়াখালী-মংলা নৌ চ্যানেলও বন্ধ দেখতে চায় বলে তাঁরা দাবি করেন।
পথসভায় বক্তব্য দেন সুজন বাগেরহাট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. মোজাফফর হোসেন, সহসভাপতি শেখ আসাদ, সহসাধারণ সম্পাদক পারভীন আহমেদ, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যাপক আমিরুল আলম, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা বেগম, তহুরা বেগম প্রমুখ।