সুন্দরবন রক্ষায় আজ শহীদ মিনারে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল প্রকল্প বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার মহাসমাবেশ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। তবে কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে।

সাত দফা দাবিতে আজ শনিবার বেলা দুইটায় এ মহাসমাবেশ হবে। গতকাল শুক্রবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশে আসার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব মিছিল রওনা হয়েছে, তাদের বাধা দিচ্ছে পুলিশ। বিভিন্ন স্থানে কমিটির নেতা-কর্মীদের ভয়ভীতিও দেখানো হচ্ছে। সব বাধা উপেক্ষা করে মহাসমাবেশে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটি নেতৃবৃন্দ।

মহাসমাবেশের সমর্থনে গতকাল দেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ ও মশাল মিছিল করে জাতীয় কমিটি। বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। জাতীয় কমিটি বলেছে, খুলনায় মহাসমাবেশ উপলক্ষে ডাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ঢাকায় মানববন্ধন থেকে ছাত্র ইউনিয়নের কর্মী দীপক শীল ও মেহেদি হাসান রনিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে জাতীয় কমিটির নেতৃবৃন্দকে হুমকি দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ এসব হুমকি ও বাধা উপেক্ষা করে মহাসমাবেশে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এক বিবৃতিতে আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সমাবেশে বাধা না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতীয় কমিটির পরিকল্পনা অনুযায়ী দেশের সাতটি বিভাগ থেকে জাতীয় কমিটির নেতা-কর্মীরা আজ বেলা ১১টা থেকে সমাবেশস্থল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন। বেলা দুইটায় সমাবেশ শুরু হবে। সেখানে জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও দেশের সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেবেন। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে।