সুন্দরবন রক্ষায় একত্রে কাজ করবে বাংলাদেশ ও ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। গতকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর হোটেল রূপসী বাংলা হোটেলে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের কেন্দ্রীয় পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ এসব কথা জানান।সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য বাংলাদেশকে সহায়তা দেবে ভারত। দুই দেশ কীভাবে পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তা নির্ধারণ করতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞরা শিগগিরই আলোচনায় বসবেন। বৈঠকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি সহায়তা অগ্রাধিকার পেতে পারে বলে অভিমত জানান মন্ত্রী হাছান মাহমুদ।