সুন্দরবন রক্ষায় গণসংযোগ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন মায়ের মতন’ স্লোগান নিয়ে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডব্লিউটিবি) ও সুন্দরবন টাইগার প্রজেক্ট আয়োজন করতে যাচ্ছে পাঁচ বছর মেয়াদি স্থানীয় গণসংযোগ কর্মসূচি। এই কর্মসূচির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আজ শুক্রবার থেকে। এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল ডব্লিউটিবির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবন মায়ের মতন প্রচারণাটি (ক্যাম্পেইন) সুন্দরবনকে কেবল মানুষের জীবিকা হিসেবে নয়, বরং এর চেয়ে আরও বেশি কিছু হিসেবে প্রতিষ্ঠা করবে। মানুষ তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে ও শ্রদ্ধা করে এবং অন্য যেকোনো বন্ধন থেকে মা ও শিশুর সম্পর্ককে সবচেয়ে বেশি মূল্য দেয়। এই প্রচারণার মাধ্যমে সুন্দরবন কীভাবে লোকালয়ে মানুষের খাবার জোগায়, আশ্রয় দেয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ঠিক মায়ের মতো, সেটা তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনে এই প্রচারণা নিয়ে কথা বলেন ডব্লিউটিবির প্রধান নির্বাহী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সুন্দরবন টাইগার প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইকবাল হোসেন ও সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানভীর হোসেন। আনোয়ারুল ইসলাম বলেন, সুন্দরবন কেবল জীববৈচিত্র্যের আধার নয়, এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন তাদের রক্ষা করছে।