সুন্দরবন রক্ষায় গাইবান্ধায় প্রতীকী গণভোট শুরু

সুন্দরবন রক্ষায় গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে গতকাল শনিবার সকাল থেকে প্রতীকী গণভোট শুরু হয়েছে। এ গণভোট চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেছে।
সকালে গণভোটের উদ্বোধন করেন তেল–গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। উদ্যোক্তারা বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলনের অংশ হিসেবে এই প্রতীকী গণভোট শুরু করা হয়েছে।
উদ্বোধনী সভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা, কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাস, সদস্য মাহবুবর রহমান, শাহীন মিয়া প্রমুখ।
বক্তারা গণভোটে অংশ নিয়ে সুন্দরবন বাঁচানো এবং সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্পসহ সব চুক্তি বাতিলের দাবিতে একতাবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে সুন্দরবনের পক্ষে–বিপক্ষে ভোট দেন। বক্তারা জেলার সব শ্রেণি-পেশার মানুষকে এই প্রতীকী গণভোটে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।