সুন্দরবন রক্ষায় চট্টগ্রামে গৃহবধূর অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঝুলছে লম্বা একটা ব্যানার। এতে লেখা ‘সুন্দরবন আমার মা, উজাড় হতে দেব না’। সুন্দরবনের কাছে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এ ব্যানার নিয়ে গতকাল রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রামের গৃহবধূ মিলি খানম। ব্যানারে এ কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে লেখা ছিল ‘নিরাপদ বাংলাদেশের জন্য মা এর অবস্থান কর্মসূচি’।
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে এ কর্মসূচিতে মিলি খানমের সঙ্গে ছিলেন তাঁর স্বামী আবু তৈয়ব ও সাড়ে তিন বছর বয়সী ছেলে চে গুয়েভারা। অভিনব এ প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সেখানে জড়ো হন আরও অনেকে। তাঁরা রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।
গতকাল বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, একটি চেয়ারে বসে অবস্থান করছিলেন মিলি খানম। কখনো কখনো দাঁড়িয়েও প্রতিবাদ জানানোর চেষ্টাও করেন। মায়ের অবস্থান কর্মসূচি পালনের সময় ছেলে চে গুয়েভারা একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল। এতে লেখা ছিল ‘অনাগত সন্তানের জন্য নিরাপদ বাংলাদেশ চাই’। এ সময় অন্য এক শিশুও তার সঙ্গে যোগ দেয়।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা মিলি খানম অভিনব এ কর্মসূচির বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ অনেকভাবে পাওয়া যাবে। কিন্তু সুন্দরবন ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে পাব না। সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা হিসেবে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। দেশের অধিকাংশ মানুষ এ প্রকল্পের বিরুদ্ধে। কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।’ তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যে আমার সন্তান পৃথিবীর আলোর মুখ দেখবে। তার জন্য নিরাপদ পৃথিবী দরকার। তাই আমি এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছি।’
শহীদ মিনারের প্রবেশ ফটকে ঝোলানো ব্যানারে ওপরের অংশে ছিল সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ছাড়পত্রের চার লাইন। আর নিচের অংশে ছিল সুন্দরবনের পাশে কয়লাবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রচিত একটি গান।
মিলি খানমের ব্যতিক্রমী কর্মসূচির খবর শুনে শহীদ মিনারে আসেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রামের নির্বাহী সদস্য হাসান মারুফ। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবেশদূষণের কারণে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। সুন্দরবনের কাছে কয়লাবিদ্যুৎ কেন্দ্র হলে দেশের পরিবেশ চরম ক্ষতির মুখে পড়বে। অনাগত সন্তানেরা ঝুঁকির মুখে পড়বে। তাই এই বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মায়ের প্রতিবাদ প্রতীকী হলেও এর অনেক গুরুত্ব রয়েছে।
স্ত্রীর এই কর্মসূচিকে সমর্থন করে স্বামী আবু তৈয়ব বলেন, সুন্দরবন যে অবস্থায় আছে, সে অবস্থায় রেখে দেওয়া হোক। সুন্দরবনের ক্ষতি হয় এ রকম প্রকল্প বাস্তবায়ন থেকে সরকারের সরে আসা উচিত।