সুন্দরবন রক্ষায় জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশন। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশন। ছবি: সংগৃহীত

সুন্দরবন রক্ষায় জাতীয় জাগরণ সৃষ্টি করার কথা বললেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, সুন্দরবন একটি অঞ্চল বা দেশের সম্পদ নয়, এটি আন্তর্জাতিক সম্পদ। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনে আনু মুহাম্মদ এসব কথা বলেন। কনভেনশনে বাম ঘরানার বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। কনভেনশনে আগামীকাল রোববার থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত লংমার্চ, পদযাত্রা ও সমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নায়, এটা সারা বিশ্বের সম্পদ। এটা মহাপ্রাণ। সরকার কখনো চীনপন্থী, কখনো রাশিয়াপন্থী, কখনো মার্কিনপন্থী বা কখনো ভারতপন্থী। বাংলাদেশপন্থী ছাড়া সরকার সব ভূমিকা রেখেছে। এ জন্য সুন্দরবন রক্ষায় সবার মধ্যে জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে। কারণ এ সমস্যা কোনো নির্দিষ্ট এলাকার নয়। এই বন ধ্বংস হলে বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়বে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে জাতীয় কমিটিকে আমন্ত্রণের বিষয়ে আনু মুহাম্মদ বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী তাঁর সঙ্গে রামপাল সফরে যেতে আমাদের দাওয়াত দেন। তিনি আমাদের সুচিন্তিত মতামত পেতে চান। যাঁদের সুচিন্তিত মতামত চাচ্ছেন—তাঁদের নামে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে তাঁরা উন্নয়নবিরোধী, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব কাজ করছেন।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, যখন ২০১০ সাল থেকে প্রকল্পটি শুরু হয়, তখন থেকে রামপালে যাচ্ছি। নতুন করে যাওয়ার দরকার নাই। আর যখন থেকে আমরা যেতে চেয়েছি, তখন থেকে সরকার পুলিশ, সরকারি দলের সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, কয়েক বছর ধরে বিশেষজ্ঞরা সেখানে কাজ করেছেন, সেখানে তাঁরা নানা তথ্য-উপাত্ত জোগাড় করেছেন। সেগুলো তাঁরা সরকারকে দিয়েছেন।
আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন হেলিকপ্টারে করে রামপাল থেকে সুন্দরবন পর্যন্ত তিনি আমাদের দূরত্ব দেখাবেন। হেলিকপ্টারে করে দূরত্ব দেখার টেকনোলজি আছে, এটা আমাদের জানা নেই। তিনি বলেন, সরকার একটা কথা সব সময় বলে, সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র ৭০ কিলোমিটার দূরে। কিন্তু ওই বিশ্ব ঐতিহ্য একটা বিশেষ কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে। মূলত রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব ১৪ কিলোমিটার। এর মধ্যে আবার ১০ কিলোমিটার হলো বাফার এলাকা। তাহলে দূরত্ব হলো চার কিলোমিটার।
আনু মুহাম্মদ বলেন, সরকার যেন বিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিত এবং এটা নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার বন্ধের শর্ত দেন। তিনি বলেন, ‘এ দুটি শর্ত পূরণ করলেই সরকারের সঙ্গে যৌথ সফর করতে পারি, পর্যালোচনা করতে পারি, সবই করতে পারি। সুন্দরবনকে কীভাবে রক্ষা করা যাবে, বিদ্যুৎ সংকটের কীভাবে সমাধান করা যাবে, সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঠিক করতে পারি। এই দুইটা কাজ করলে বুঝব, আপনাদের সদিচ্ছা আছে।’
রামপালের বিদ্যুৎ প্রকল্পের লাভ-ক্ষতি নিয়ে সরকারের বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, ‘ঢাকায় গণমাধ্যমের উপস্থিতিতে একটি উন্মুক্ত বিতর্কে আমরা সম্মত আছি। আপনারা ঘুরে আসুন, তারপর আমরা যেকোনো ধরনের আলোচনা বা বিতর্কে রাজি।’
কনভেনশনে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার ১০ বছরে শত শত মানুষকে ‘ক্রসফায়ারে’ দিয়ে হত্যা করেছে। এখন সুন্দরবনকে ‘ক্রসফায়ারে’ দিতে চায়। মানুষের ‘ক্রসফায়ার’ ঠেকাতে পারি নাই। কিন্তু সুন্দরবনকে ‘ক্রসফায়ার’ দিতে চাইলে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
আবুল মকসুদ বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে আমরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমরা সরকারের কোনো উন্নয়নের বিরোধিতা করি না। যে প্রকল্প গোটা জাতির সর্বনাশ করে, তার বিরোধিতা করে থাকি।
কনভেনশনে সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত জাতীয় কমিটির কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে আগামীকাল রোববার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের সব জেলা, বিভাগীয় শহরে সাংগঠনিক সফর ও সমাবেশ। ১৬ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের পুরো সময় ঢাকাসহ দেশের সব জেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা। ওই সময়ে একটি লেখক-শিল্পী সমাবেশও করবে জাতীয় কমিটি। এ ছাড়া আগামী ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কনভেনশনে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশু প্রমুখ।