সুন্দরবন রক্ষায় নিউইয়র্কে সমাবেশের ডাক
সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবির প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ারে ৭ জানুয়ারি শনিবার এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে কয়েকটি সংগঠন। প্রতিবেশ আন্দোলন, ফ্রেন্ডস অব আর্থ ইউএস, প্রোগ্রেসিভ ফোরাম, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কসহ (বেন) কয়েকটি পরিবেশবাদী সংগঠন সুন্দরবন রক্ষায় বিশ্বব্যাপী ডাকা ‘গ্লোবাল প্রটেস্ট ডে’-এর প্রতি সংহতি জানিয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ইউনেসকো কর্তৃক সুন্দরবনের ওপর রামপাল পাওয়ার প্ল্যান্টের ক্ষতিকর প্রভাবের রিপোর্ট প্রকাশ হওয়ার পরও সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। শুধু একটি বিদেশি কোম্পানির মুনাফার কারণে ক্ষতিগ্রস্ত হবে দেশের বৃহত্তম বনাঞ্চল, তা আমরা হতে দিতে পারি না। উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় কমিটি আয়োজিত মহাসমাবেশের সঙ্গে সংহতি জানিয়ে কয়েকটি সংগঠনের উদ্যোগে নিউইয়র্ক ও আটলান্টার কয়েকটি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।