সুন্দরবন রক্ষায় প্রতিবাদ দিবস পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় ৭ জানুয়ারি বিশ্বজুড়ে প্রতিবাদ দিবস ও ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক সভা থেকে জাতীয় কমিটির নেতারা এই আহ্বান জানান।
সভায় কমিটির নেতারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অস্তিত্বের অংশ। জলবায়ু পরিবর্তনের বিপদের মুখে উপকূলীয় এলাকাসহ ওই অঞ্চলের পাঁচ কোটি মানুষের রক্ষাকবচ সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবন সমগ্র মানবজাতির জন্যও গুরুত্বপূর্ণ। মুনাফাখোর দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে সুন্দরবন-বিনাশী কোনো প্রকল্প মেনে নেওয়া যায় না।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনমত উপেক্ষা করে রামপাল বিদ্যুৎকেন্দ্র অব্যাহত রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় আরও বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মোশারেফ হোসেন, ফিরোজ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি