সুন্দরবন রক্ষায় বিশ্বজুড়ে প্রতিবাদ দিবস পালনের আহ্বান
সুন্দরবন রক্ষায় ৭ জানুয়ারি বিশ্বব্যাপী প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবন সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সুন্দরবন রক্ষার দায় সবার। এ কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিলের দাবি নিয়ে ৭ জানুয়ারি বিশ্বজুড়ে প্রতিবাদ দিবস পালিত হবে।
এ কর্মসূচি পালনে বিশ্বের সব অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে কলকাতা, নয়াদিল্লি, লন্ডন, মেলবোর্ন, প্যারিস, বার্লিন, আমস্টারডাম, টরন্টো, নিউইয়র্ক, আটলান্টাসহ বিভিন্ন শহরে সুন্দরবন রক্ষায় নানা কর্মসূচি পালিত হয়েছে। ৭ জানুয়ারি কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। ওই দিন সুন্দরবন রক্ষায় আগ্রহী ব্যক্তি ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি