সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে।

গণসংহতি আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিদের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক অঞ্জন দাস, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, প্রতিবেশ আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক কাজী আশিক প্রমুখ।

অঞ্জন দাস বলেন, পৃথিবীর মানচিত্রে সুন্দরবন একটাই। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এ সুন্দরবন। সুন্দরবন ধ্বংস করে সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দুই বছর ধরে বিরোধিতা করে আসছে এ দেশের জনগণ। কিন্তু জনগণের এই দাবির তোয়াক্কা না করে একতরফাভাবে ভারতের স্বার্থে গত ১২ জুলাই চুক্তি করল সরকার। সিদ্ধিরগঞ্জ, ঘোড়াশাল, চট্টগ্রামের সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রেখে রেন্টাল, কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে পাকিস্তানের পিঞ্জর থেকে বেরিয়ে এসেছিলাম ভারতের গোলামি করার জন্য নয়। দুঃখের বিষয়, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ তা-ই করছে। তাই জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’