সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগ পর্যবেক্ষণ করছে ইউনেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকার কী করছে, কী ধরনের উদ্যোগ নিচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকো। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছে সংস্থাটি।
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের জন্য ইউনেসকোর উদ্যোগ চেয়ে বিশ্বের ৭০টি পরিবেশবাদী সংস্থার খোলা চিঠির জবাবে ২৫ এপ্রিল ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের পরিচালক ম্যাকটিল্ড রোজলির এসব কথা বলেছেন। চিঠির জবাবে বলা হয়েছে, আগামী ২ জুলাই পোল্যান্ডে ইউনেসকোর ৪১তম সাধারণ সভায় ওই প্রতিবেদন উপস্থাপন করা হবে। ওই চিঠির অনুলিপি ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকেও দেওয়া হয়েছে।
২০ এপ্রিল পরিবেশবাদী সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনেসকোর প্রধানকে ওই চিঠি দেওয়া হয়। এতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল না করলে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে বিপদাপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ব্যাংক ট্র্যাক, ফ্রেন্ডস অব দ্য আর্থ, প্রটেক্ট ফরেস্ট, টিম্বার্স ওয়াচসহ ৭০টি সংস্থা ওই চিঠি দেয়।
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন শুরু থেকেই বিরোধিতা করে আসছে। ইউনেসকোও এ প্রকল্প বাতিলের সুপারিশ করেছে। তারা বলছে, এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সুন্দরবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। অবশ্য সরকার এই দাবি নাকচ করে আসছে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকাভিত্তিক পরিবেশবাদী সংস্থা টিম্বার্স ওয়াচের প্রধান ওয়ালি ম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসিসহ অন্যান্য সংস্থাপ্রধানের কাছেও রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তাঁরা চিঠি দেবেন। বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। আগামী নভেম্বরে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনে এ নিয়ে সমাবেশ করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
ওয়ালি ম্যান আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম বিপন্ন দেশ হিসেবে পরিচিত। কিন্তু এই দেশটি নিজেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে বড় সহায়ক সুন্দরবনকে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে হুমকিতে ফেলে দিচ্ছে। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশ্বের কার্বন নিঃসরণে ভূমিকা রাখার উদ্যোগ নিচ্ছে। এটা দুঃখজনক। বাংলাদেশকে তার এই অবস্থান থেকে সরে আসার জন্য দেশটির প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিয়ে তাঁরা অনুরোধ করেছেন বলেও জানান।