সুন্দরবন রক্ষায় সাংস্কৃতিক অভিযাত্রা ৫-৭ সেপ্টেম্বর
সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ৫-৭ সেপ্টেম্বর লেখক-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সাংস্কৃতিক অভিযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কমিটির আহ্বানে গতকাল উদীচী কার্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে সাংস্কৃতিক অভিযাত্রার এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হবে।
সভা থেকে অভিযাত্রায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। একই সময়ে সুন্দরবন ধ্বংসের তৎপরতা বন্ধের দাবিতে দেশের সব অঞ্চলে প্রতিবাদী গান, নাটক আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক জাগরণ তৈরির ডাক দেওয়া হয়।
জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর প্রবীর সরদার, বিবর্তন সাংস্কৃতিক গোষ্ঠীর মফিজুর রহমান লালটু, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের অমল আকাশ, সাংস্কৃতিক ইউনিয়নের তুহিন কান্তি দাস প্রমুখ।