সুন্দরবনকে বাঁচাতে রামপালে বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অগ্রহণযোগ্য ও অসত্য
বক্তব্য উপস্থাপন করে যাচ্ছে সরকার। কেউ কেউ সুন্দরবন থেকে চার কিলোমিটার দূরের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত বলার চেষ্টা করছেন।’ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বন্ধের দাবি জানান তিনি।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবনের নিরাপত্তা সংকট: নাগরিক সমাজের উদ্বেগ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দেশের উন্নয়নবিরোধী নই, বিদ্যুৎ প্রকল্পবিরোধী নই। দেশে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন আছে, কিন্তু সেটা রামপালে হবে কি না, তা ভাবতে হবে।’ পরিবেশকে
অবজ্ঞা করে বাংলাদেশ কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে পারবে না বলে তিনি মনে করেন।
সংশ্লিষ্ট জনমত এই প্রকল্পে নেওয়া হয়নি উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘এই প্রকল্পের পুরো প্রক্রিয়ায় অস্বচ্ছতা বিরাজ করছে। প্রকল্প প্রণয়ন করার পূর্বশর্তগুলো অবহেলা, অবজ্ঞা ও পদদলিত করে অগ্রসর করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রামপাল নিয়ে সরকারের রাজনীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা যদি ১০টি বৈজ্ঞানিক যুক্তি দিই, সরকার পাল্টা ২০টি বৈজ্ঞানিক যুক্তি দেয়।’ সুন্দরবনে তাপবিদ্যুৎকেন্দ্র একটি আগ্রাসী উন্নয়ন মন্তব্য করে তিনি বলেন, ‘যতই বিজ্ঞান দেখান না কেন, সুন্দরবনের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা পারব না।’ ন্যূনতম ঝুঁকি যেখানে আছে, সেই পূর্বসতর্কতামূলক নীতিতে এই প্রকল্প বন্ধ করার আহ্বান জানান তিনি।
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র হলে আমরা অবশ্যই সাংঘাতিক ক্ষতির মুখে পড়ব। সুন্দরবনের মানুষও এই বিদ্যুৎকেন্দ্র চায় না। আমরা বুঝতে পারছি না এত এত বৈজ্ঞানিক তথ্য ও জনমতের বিরুদ্ধে গিয়ে কেন সরকার এই প্রকল্প চালিয়ে যাচ্ছে। যে ভারতীয় কোম্পানিকে এই বিদ্যুৎকেন্দ্রের কাজ দেওয়া হয়েছে, সেই কোম্পানির কাজ নিয়ে ভারতেই প্রশ্ন রয়েছে।’