তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘সুন্দরবন প্রকৃতিসৃষ্ট বন। এই বন আমাদের মায়ের মতো আগলে রাখে। ঝড়-ঝঞ্ঝাসহ বিভিন্ন প্রাকৃতিক দৈবদুর্বিপাক থেকে আমাদের রক্ষা করে। তাই আমার মাকে হত্যা করার এ আয়োজন আমরা সমর্থন করতে পারি না।’
গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে সুন্দরবন অভিমুখে লংমার্চকারীদের এক পথসভায় আনু মুহাম্মদ এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ বলেন, যেকোনো মূল্যে সুন্দরবনকে বাঁচাতে হবে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কর্মসূচি প্রতিহত করতে হবে।
‘যেকোনো মূল্যে সর্বনাশা রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প রুখতে হবে’—এই স্লোগান সামনে রেখে গত মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে লংমার্চ।
বামপন্থী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মী এবং বিশিষ্ট ১২ জন নাগরিক এই লংমার্চের প্রতি সংহতি জানিয়েছেন। তাঁরা গতকাল এক বিবৃতিতে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটিকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। বিশিষ্ট নাগরিকেরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, এম হাফিজউদ্দিন খান, সুলতানা কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যারমা দত্ত, খুশী কবির, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, ফারাহ কবির, এম এ মতিন ও আবু নাসের।
গতকাল ফরিদপুরের মধুখালীতে পথসভা শেষে বেলা সাড়ে ১১টায় লংমার্চকারীরা গড়াই সেতু পার হয়ে মাগুরার উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুরে মাগুরায় পৌঁছে মাগুরা পৌর ভবনের সামনে পথসভা করেন তাঁরা।
মাগুরায় পথসভায় শেখ মো. শহিদুল্লাহ প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর আগামী ২২ অক্টোবর রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকে চ্যালেঞ্জ করে বলেন, তৌফিক-ই-ইলাহী একা। তিনি একজন সাবেক আমলা। তাঁর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই জনগণ তাঁদের স্বার্থবিরোধী ওই প্রকল্প মেনে নেবে না। জনগণই ওই প্রকল্প রুখে দেবে।
আনু মুহামঞ্চদ বলেন, সুন্দরবন এমন একটা প্রাকৃতিক রক্ষাবর্ম, যা গঠনে কোনো অর্থ ব্যয় হয়নি। অথচ সেই সুন্দরবনকে দখলদারেরা, মুনাফাখোরেরা ধ্বংস করে বিদেশিদের হাতে তুলে দিতে চায়।
লংমার্চটি বেলা দুইটার দিকে যশোরের উদ্দেশে যাত্রা শুরু করে। ঝিনাইদহ হয়ে সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে এসে পৌঁছান লংমার্চকারীরা। সেখানে ঢাকার ‘সাংস্কৃতিক মঞ্চ’ প্রতিবাদী গান ও নাটক মঞ্চস্থ করে।
লংমার্চ যশোরে পৌঁছালে সেখানে জাতীয় কমিটির যশোর শাখার আহ্বায়ক অধ্যাপক আবছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আনু মুহাম্মদ, শেখ মো. শহিদুল্লাহ প্রমুখ। যশোরে রাত্রিযাপন শেষে আজ শুক্রবার সকালে লংমার্চটি খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবে। পথে রাজারহাট, নওয়াপাড়া, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় পথসভা করার কথা রয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি: জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম গতকাল এক বিবৃতিতে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সরকারি কর্মসূচি বাতিলের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন, নিজস্ব প্রতিবেদক ঢাকা, ফরিদপুর ও যশোর অফিস, মাগুরা প্রতিনিধি।