সুন্দরবনকে ভোট দিতে স্পিকারের আহ্বান
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। গতকাল মঙ্গলবারের অধিবেশনে আবদুল হামিদ এ আহ্বান জানান।স্পিকার সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা সুন্দরবনের পক্ষে ভোট দেবেন। একই সঙ্গে আমি দেশবাসীকেও সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ সাংসদদের নিজ নিজ এলাকার জনগণকে সুন্দরবনের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বানও তিনি জানান।স্পিকার বলেন, সুন্দরবন জাতীয় ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। বিশ্বব্যাপী এখন সুন্দরবনের নাম বহুল আলোচিত। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এক নম্বরে রাখতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত মুঠোফোনের মাধ্যমে এসএমএসে ভোট দিয়েছেন। এর আগে স্পিকার ১ জুলাই চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনায় ১৭ জনের প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেন।