প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া গতকাল শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল পাঁচটায় শেষ হয়েছে। গতকাল সকাল থেকেই সুন্দরবনের পক্ষে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে হাজারো মানুষ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: ব্লাড ফাউন্ডেশন ও প্রথম আলো বন্ধুসভা গতকাল সকালে পুরোনো কোর্ট চত্বর থেকে প্রচারাভিযান শুরু করে। পরে বাগেরহাট বাজার এলাকায় প্রচার ও ভোট গ্রহণ কর্মসূচি পালন করে। কাড়াপাড়া নারী কল্যাণ সমিতি, অগ্রদূত, অ্যাসিস্ট, গণমিলন ফাউন্ডেশন, আস বাংলাদেশ, শেল্টারসহ বিভিন্ন সংগঠন শহরের বিভিন্ন সড়কের মোড়ে ভ্রাম্যমাণ প্রচারাভিযান ও ভোট প্রদান কর্মসূচি পরিচালনা করে। খাগড়াছড়ি: শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বরের মুক্তমঞ্চে সকালে স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সুন্দরবনের পক্ষে মুঠোফোন থেকে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম প্রমুখ। খুলনা: নগরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সরকারি, বেসরকারি সংস্থা, ব্যাংক-বিমার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক, আইনজীবী, গণমাধ্যমের কর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষ সুন্দরবনকে বিজয়ী করতে ভোট দিয়েছে। দুই-তিন মাস ধরে নগরের পাড়ায়, মহল্লায় এবং নগরের প্রায় সব মোড়ে সুন্দরবনের ব্যানার টানিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া হয়। কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে সুন্দরবনের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে গতকাল দিনভর ভোট সংগ্রহ করা হয়। সকালে কালাই শহরের আঁওড়া কালিতলা এলাকায় ভোট দেন স্থানীয় তিন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, আবদুল খালেক ও পারুল আকতার। পরে ই-ভোটিং ক্যাম্পটি কালাই শহরের প্রাণকেন্দ্র যাত্রীছাউনি এলাকায় স্থাপন করা হয়। সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে অধ্যয়নরত স্থানীয় দেড় শ শিক্ষার্থীর সংগঠন ‘বন্ধন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-কালাই’। এ সময় ভ্রাম্যমাণ ক্যাম্পে সুন্দরবনের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।