সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যকে বিশ্বব্যাপী স্বীকৃত করতে এবং প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষে নিতে সচেতন সব নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বরে জাতীয় সুন্দরবন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন ও খুলনা বিভাগীয় সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।এই মঞ্চে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে ভোট দেওয়ার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, দর্শনীয় স্থান পর্যটকদের সামনে তুলে ধরতে পারলে তারা আকৃষ্ট হয়ে দেখতে আসবে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে, যা সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সুন্দরবন বাংলাদেশ ও ভারত—দুই দেশের মধ্যে থাকায় তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের জনগণকেও ভোট দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সুন্দরবন মঞ্চের চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন ফাউন্ডেশনের সভাপতি মো. নাজির মিয়া, ভোট ফর সুন্দরবনের অ্যাম্বাসেডর সৈয়দা কামরুন্নাহার শাহানুর, গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।