সুন্দরবন সংরক্ষণ ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রচারণা চালাতে এক কোটি ২৪ লাখ টাকা ব্যয় করবে সরকার। গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রচারণার অংশ হিসেবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনকারী সংগঠন সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বার্নার্ড ওয়েবারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর এই সফরের পেছনে ব্যয় হবে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এ ছাড়া সুন্দরবনকে সংরক্ষণ ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটদানে জনগণকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে আগামী নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হবে। এর মধ্যে থাকবে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, টেলিভিশনে তথ্যচিত্র প্রচার, রোড শো, শোভাযাত্রা, কনসার্ট, আলোচনা সভা, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে ইন্টারনেটে ভোটদান কার্যক্রম চালানো প্রভৃতি।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব শফিক আলম মেহেদীসহ ২২টি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।গত ডিসেম্বর মাস পর্যন্ত ভোটে নির্বাচিত ২৮টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে সুন্দরবন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এখন সুন্দরবনকে প্রথম স্থানে উন্নীত করতে ১৫ কোটি ভোটের দরকার হবে। এ প্রসঙ্গে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন জানান, ইন্টারনেটে ভোটদানের চেয়েও কার্যকর হলো টেলিফোনে ভোটদান। এ জন্য বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে বিনা মূল্যে টেলিফোনে ভোট দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। এটি এখন জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছে।এ বছরের ১০ নভেম্বর মধ্যরাত পর্যন্ত টেলিফোনে +৪৪২০৩৩৪৭০৯০১ নম্বরে ভোট দেওয়া যাবে। সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য প্রচারণামূলক ২৪ সেকেন্ডের একটি তথ্যচিত্র নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে পাঠানো হয়েছে। মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিশেষ রোড শো আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে আয়োজন করা হবে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে তিনটি গাড়ি এবং দক্ষিণাঞ্চলের দিকে দুটি গাড়ি নিয়ে এই রোড শো চলবে।