সুন্দরবনকে রক্ষার দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
সুন্দরবনকে রক্ষা করার দাবি জানানো হয়েছে। সুন্দরবন দিবস উদ্যাপন পরিষদ গতকাল শনিবার এই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সুন্দরবন দিবস উদ্যাপন কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সুন্দরবন আমাদের শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে না, এর সম্পদ সংগ্রহ করে এ অঞ্চলের প্রায় এক লাখ মানুষ জীবিকা নির্বাহ করে। সুন্দরবন রক্ষা ও সুন্দরবনের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারলে এ অঞ্চলে পর্যটন শিল্পের প্রসার ঘটবে। সুন্দরবন রক্ষার পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণের মাধ্যমে বন কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিসহ ১৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।২০০১ সাল থেকে সুন্দরবন দিবস উদ্যাপন পরিষদ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করছে। আজ রোববার এ দিবস উপলক্ষে সাতক্ষীরা সুন্দরবন উদ্যাপন কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।