সুন্দরবনকে রক্ষায় যৌথ ফোরাম গঠন করবে বাংলাদেশ ও ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে রক্ষায় দ্রুত যৌথ ফোরাম গঠনের ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক সৌজন্য বৈঠকে এ ব্যাপারে আলোচনা করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। একই সঙ্গে রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় যৌথ বাঘশুমারি করার ব্যাপারেও তাঁরা আলোচনা করেন।বুদ্ধদেব বলেন, আসন্ন সার্ক সম্মেলনে পরিবেশ-সংক্রান্ত আলোচনায় এবার যাতে সুন্দরবন স্থান পায়, সে জন্য তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি জানান, প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনের নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে ভারতের পরিবেশ ও বনমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তিনি।বৈঠকে যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালনের বিষয়েও আলোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য ও হাছান মাহমুদ। তিন বিঘা করিডরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান হাছান মাহমুদ। অন্যদিকে ইছামতী নদীর সংস্কারে সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান বুদ্ধদেব। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তাঁরা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার।