সুন্দরবনকে 'ধ্বংসের চক্রান্তে'র প্রতিবাদে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সুন্দরবনকে ‘ধ্বংস করার চক্রান্তে’র প্রতিবাদে গতকাল শুক্রবার মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে বাসদ শহরে মিছিল করে। পরে তারা চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে। এতে বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা—সবদিক দিয়েই পৃথিবীর সর্ববৃহৎ এই শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন বিশ্ব প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) সুন্দরবনকে ১৯৯৭ সালে “ওয়ার্ল্ড হেরিটেজ সাইট” ঘোষণা করে। সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে শিল্পকারখানা নির্মাণসহ কোনো প্রকার স্থাপনা নির্মাণ করলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। এটা জেনেও রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির সঙ্গে সরকার চুক্তি করে। এ ক্ষেত্রে আমাদের দেশ কোনোভাবেই লাভবান হবে না।’
বক্তারা অবিলম্বে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ এবং গত বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদারদের ওপর হামলাকারী ‘ভূমিদস্যু’ জয়নাল আবেদীন মোল্লার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।