সুন্দরবনবাসীর পুনর্বাসনে কেউ প্রস্তুত নয়
বকুল মণ্ডলের পিতৃপুরুষেরা প্রায় ২০০ বছর ধরে সুন্দরবনের বালি দ্বীপের বাসিন্দা। তিনি যে পাঁচ একর জমিতে ধান ও পুকুরে মাছ উৎপাদন করতেন, তা বহুদিন আগেই নোনা জলে তলিয়ে গেছে। প্রতিবছর তাঁকে পরিবার-পরিজন নিয়ে মূল ভূখণ্ডের দিকে আরও কিছুটা সরে যেতে হচ্ছে।
সুন্দরবন এলাকায় পানির উচ্চতা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা বৈশ্বিক গড় বৃদ্ধির দ্বিগুণেরও বেশি। বঙ্গোপসাগরের উপকূলীয় এই এলাকায় ভারত ও বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ দরিদ্র মানুষের বসবাস। বকুল মণ্ডলের মতো কয়েক লাখ মানুষ ইতিমধ্যে বাড়িছাড়া হয়েছেন। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী ১৫ থেকে ২০ বছরে সুন্দরবনের অধিকাংশ এলাকাই তলিয়ে যাবে। এতে লাখো মানুষ ‘জলবায়ু শরণার্থী’ হবে, আর তাদের পুনর্বাসন করাটা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই কঠিন হবে। কারণ, দুটি দেশের কোনোটিই এ সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত নয়।
বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত নয়াদিল্লিভিত্তিক পরিবেশবিশেষজ্ঞ তাপস পাল বলেন, সুন্দরবনের সব মানুষকে যদি বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে হয়, তা হবে মানব ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা।
২৬ হাজার বর্গকিলোমিটার এলাকাটি হারিয়ে গেলে শুধু যে দরিদ্র লোকজনের ক্ষতি হবে তা নয়, সামগ্রিক পরিবেশও বড় ধরনের হুমকির মুখোমুখি হবে। ম্যানগ্রোভ বনে বসবাসকারী পৃথিবীর একমাত্র বাঘ প্রজাতিসহ বহু বন্য প্রাণীর আবাস এই সুন্দরবন। এই বন বাংলাদেশ-ভারতের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে তিন মিলিমিটার করে বাড়ছে। এই বৃদ্ধির হার বেড়ে চলতি শতকের মধ্যেই এক মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন ২০১৩ সালে এক গবেষণায় দেখতে পায়, সুন্দরবনের উপকূলীয় এলাকা বছরে ২০০ মিটার করে কমছে বা তলিয়ে যাচ্ছে। জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানায়, উপকূলের অন্তত ২১০ বর্গকিলোমিটারজুড়ে গত কয়েক দশকে ভাঙন হয়েছে। অন্তত চারটি দ্বীপ তলিয়ে গেছে আর কয়েকটি পরিত্যক্ত হয়েছে।