সুন্দরবনবিধ্বংসী বিদ্যুৎ প্রকল্প বন্ধে প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনবিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প ও ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সরকার জেনেশুনে জনগণের মুখে বিষ ঢেলে দিচ্ছে। এই
প্রকল্পের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টির বিকল্প নেই। ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পসহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
গতকাল শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন। তিনি বলেন, সুন্দরবনের পাশে খাদ্যগুদাম, শিপইয়ার্ড, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন ধরনের শিল্প-কারখানা স্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগ সুন্দরবনকে চিরতরে ধ্বংস করার আয়োজন।
জনযাত্রায় অংশ নেওয়া ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের সদস্য অশোক চৌধুরী বলেন, সুন্দরবনের বাংলাদেশ অংশের পরিবেশ বিপন্ন হওয়া মানে পুরো সুন্দরবনের পরিবেশ বিপন্ন হওয়া। সুন্দরবন বাঁচাতে ভারতের জনগণ বাংলাদেশের পাশে থাকবে।
এর আগে বিশ্বঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় রামপাল ও ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং জাতীয় কমিটি ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সারা দেশ থেকে সুন্দরবন অভিমুখী জনযাত্রা গতকাল দুপুরে খুলনার ফুলতলায় পৌঁছায়।
গত বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু হওয়া এই জনযাত্রা আজ রোববার বাগেরহাটের কাটাখালীতে সমাবেশের মাধ্যমে শেষ হবে।