সুন্দরবনবিনাশী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা।
বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, প্রতিবাদী গান ও আবৃত্তি হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সংগঠক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের শহর সভাপতি অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবু হাসান, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।
সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, বিভিন্ন দুর্যোগে বাংলাদেশকে রক্ষাকারী সুন্দরবনকে ধ্বংসের মতো আত্মঘাতী কার্যক্রম মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার সরকারের কাছ থেকে জনগণ আশা করে না। অবিলম্বে সর্বনাশা এ চুক্তি বাতিল ও সুন্দরবনের চারপাশে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সব অনুমোদন বাতিলসহ সুন্দরবনবিনাশী সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
রফিউর রাব্বি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার আজকে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনগণের প্রতি তারা কোনো দায় উপলব্ধি করে না। রামপাল প্রকল্পে সুবিধাভোগী সরকারের কিছু ব্যক্তি ও ভারতের স্বার্থান্বেষী মহল ছাড়া সবাই সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিপক্ষে। অথচ সরকার সব মতামতকে উপেক্ষা করে অনেকটা চুপিসারে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে। সরকার এ দেশের পরিবেশবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদদের মতামতকে তোয়াক্কা না করে ভারতের কতিপয় বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রফিউর রাব্বি বলেন, গণদাবি উপেক্ষা করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংসের অপরাধে এর সঙ্গে জড়িত সবাইকে একদিন অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।