সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ দাবিতে সংগঠনটির ডাকে আজ মঙ্গলবার সারা দেশে সভা-সমাবেশ হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কেন্দ্রীয়ভাবে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তৃতায় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ইউনেসকো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত দিয়ে বলেছে, এমনিতেই সুন্দরবনের সুরক্ষা নেই। এরপর রামপাল প্রকল্প হলে এটি ধ্বংস হবে। এসব তথ্য-উপাত্তের কোনো হেরফের হয়নি। বরং দেশের ও বিশ্বের বিশেষজ্ঞরা আরও নতুন তথ্য-উপাত্ত যোগ করে এটা প্রমাণ করে চলেছেন যে কয়লাভিত্তিক এ প্রকল্প অনিবার্যভাবে মানুষের ওপরে নেতিবাচক প্রভাব ফেলবে ও সুন্দরবনকে ধ্বংস করবে।

আনু মুহাম্মদ বলেন, এবার বিশ্ব ঐতিহ্য কমিটির সভা শেষ হওয়ার আগেই সরকার বিকৃত তথ্য প্রচার করে যে উল্লাস করল তা বিস্ময়কর। তিনি অবিলম্বে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, এটি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

স্বল্প খরচে দেশের জ্বালানি সমস্যার সমাধানে বিকল্প প্রস্তাব তুলে ধরতে ২২ জুলাই ঢাকায় বিকল্প মহাপরিকল্পনা উত্থাপন করা হবে বলে জানান আনু মুহাম্মদ।

সমাবেশে অপর বক্তারা বলেন, বিবেকবান মানুষ সুন্দরবন রক্ষায় রামপাল প্রকল্প বাতিলের দাবি জানালেও স্বার্থান্বেষী মহল ও সরকার এই প্রকল্প বাস্তবায়নে অনড় রয়েছে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে তার অবস্থান পরিবর্তনে বাধ্য করা হবে। তাঁরা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা সামনে রেখে সুন্দরবন-বিধ্বংসী যে প্রকল্প করা হচ্ছে, তা মোটেও প্রয়োজন নেই। ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প রয়েছে। সরকার এদিকে নজর না দিয়ে সুন্দরবনের চারপাশ ঘিরে লুটেরাদের দখলের সুযোগ দিতে এই প্রকল্প করতে চাইছে। সম্প্রতি পত্রিকার খবরে দেশবাসী জেনেছে যে সরকারের নেতা-পাতিনেতারা এসব দখলদারত্বের শীর্ষে রয়েছেন।

২৫ জুলাই সুন্দরবন-সংলগ্ন শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত সভা-সমাবেশ ও মানববন্ধন করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিন হোসেন, সাইফুল হক, মো. শাহ আলম, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকী প্রমুখ।