সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘ-আতঙ্ক, রাত জেগে পাহারা
সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামে বাঘ-আতঙ্ক দেখা দিয়েছে। ওই গ্রামে তিন দিন বাঘ ঢুকে পাঁচটি ছাগল ধরে নিয়ে গেছে। এ কারণে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের এ গ্রামে বাঘ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গ্রামে বাঘ ঢোকা বন্ধে গত রোববার দুপুর থেকে বন বিভাগ ও ভিলেজ টাইগার টিমের সদস্যরা পাহারা বসিয়েছেন। ওই দিন বিকেলে একটি বাঘ গোলাখালী গ্রামে ঢোকার চেষ্টা করলে তাঁরা পটকা ফুটিয়ে একে বনে ফেরত পাঠায়।বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, বন বিভাগ ও ভিলেজ টাইগার টিমের সদস্যরা গোলাখালী গ্রামের জামির আলী গাজী ও আসাদ আলীর বাড়ির পাশে পাহারা বসিয়েছেন। তিনি আরও জানান, ২৭ ও ২৮ জানুয়ারি গ্রামে বাঘ ঢুকে এবাদুল গাজী ও জামির আলীর চারটি ছাগল ধরে নিয়ে যায়। রোববার সকালে একই গ্রাম থেকে আরেকটি ছাগল ধরে নেয়।দুই সপ্তাহ আগেও গোলাখালীতে কয়েক দফা বাঘ ঢুকে কয়েকটি ছাগল ধরে নিয়ে যায়। দ্বীপ এলাকা গোলাখালীতে প্রায়ই বাঘ ঢোকায় গ্রামের ৭৮টি পরিবারের চার শতাধিক লোক আতঙ্কে দিন কাটাচ্ছে।