সুন্দরবনসংলগ্ন নদী থেকে কাঠ উদ্ধার
সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমাণে সুন্দরবনের কর্তননিষিদ্ধ কাঠ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন। সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা নইমুল ইসলাম জানান, গত বুধবার রাতে কোস্টগার্ডের অভিযানে বড় আকৃতির ২৫ টুকরা পশুর ও শতাধিক টুকরা গেওয়া কাঠ উদ্ধার করা হয়। সুন্দরবনসংলগ্ন গাবুরা গামের আবদুল মান্নান গাজী ও মঞ্জু গাজী জানান, গাবুরা ও বুড়িগোয়ালিনী এলাকার কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের কাঠ কর্তন ও পাচারের সঙ্গে জড়িত। শ্যামনগর এলাকার কয়েকজন আসবাব ব্যবসায়ী বিভিন্ন সময়ে সুন্দরবনের নিলামকৃত কাঠের কাগজ সংগ্রহ করেন। তাঁরাই এসব চোরাই কাঠ পাচারকারী চক্রের সহায়তায় সুন্দরবনের কাঠ কেটে এনে ওই কাগজ ব্যবহার করে চাহিদামতো বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, সুন্দরবন থেকে চোরাইভাবে কাঠ কেটে আনার পর রাতের অন্ধকারে খোলপেটুয়া নদী ব্যবহার করে পাচারকারী চক্রের সদস্যরা কালিকাপুর, কাশিমাড়ীসহ ঘোলা এলাকার বিভিন্ন করাতকলে খুব সকালে চেরাই করে নিরাপদে সরিয়ে ফেলেন। বন বিভাগও কাঠ পাচারের কয়েকটি চালান আগে আটক করেছে।