সুন্দরবনসংলগ্ন বাজার থেকে কেওড়া ফল জব্দ
সুন্দরবন থেকে অবৈধভাবে পেড়ে নিয়ে এসে বিক্রি করার সময় ১৬ বস্তা কেওড়া ফল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ বাজার থেকে এসব কেওড়া ফল জব্দ করা হয়। কেওড়া ফল সুন্দরবনের হরিণ-বানরের প্রধান খাদ্য।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, সুন্দরবন থেকে আহরণনিষিদ্ধ হরিণ-বানরের খাবার অবৈধভাবে পেড়ে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এ ধরনের অভিযোগ পাওয়ার পর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক হয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বন বিভাগের সদস্যরা মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালান। এ সময় ১৬ বস্তা কেওড়া ফল জব্দ করা হয়। বন বিভাগের সদস্যদের দেখে কেওড়া বিক্রেতারা ফল ফেলে গা ঢাকা দেন। জব্দকৃত ফলগুলো বুড়িগোয়ালিনী স্টেশনে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার কেওড়াগুলো নিলাম দেওয়া হবে।প্রসঙ্গত, ৮ আগস্ট প্রথম আলোতে ‘হরিণ-বানরের খাবারও সাবাড়!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।