সুন্দরবনসংলগ্ন মইদাড়া খাল ও এর শাখা-প্রশাখাগুলো ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বন ও পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি এবং ভূমিসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পিডিবির চেয়ারম্যানসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গতকাল রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। সংশ্লিষ্ট একজন আইনজীবী প্রথম আলোকে বলেন, রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মইদাড়া খাল ভরাট করা হচ্ছে।জানা গেছে, খাল ভরাটের বৈধতা চ্যালেঞ্জ করে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের পক্ষে মো. মোজাহেদুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ তাহসিন আলী গত সপ্তাহে রিটটি করেন। গতকাল এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও শেখ মোহাম্মদ জাকির হোসেন। পরে শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মইদাড়া খাল ভরাট করা হচ্ছে। এ নিয়ে রিট করা হলে ২২ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলটি বর্তমানে একটি বেঞ্চে বিচারাধীন। এ ছাড়া প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে কোনো খাল-নদী ভরাট করা যাবে না। এ কারণে রিটটি করা হয়। আদালত রুল জারি করেছেন।