সুন্দরবনে অগ্নিকাণ্ডে ক্ষতি খুব বেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি যা হয়েছে, তা অতি সামান্য। গণমাধ্যমে ঘটনা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। গত রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে শরণখোলায় এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ওই দিন দুপুরে মন্ত্রী হেলিকপ্টারে করে আগুনে পুড়ে যাওয়া বনভূমি পরিদর্শন করেন। পরে তিনি শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। ওই সভায় তিনি বলেন, আগুনের বিষয়টি গণমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ ও প্রচার করা হয়েছে। তাতে মনে হয়েছে, সুন্দরবনে সব পুড়ে ছাই হয়ে গেছে। মূলত ততটা ক্ষতি হয়নি, যতটা প্রচারিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পূর্ব সুন্দরবনে বন্ধ থাকা পাস-পারমিট পুনরায় চালু করা হবে কি না, তা পর্যালোচনার পর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে বের করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সভায় বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন বলেন, ‘সুন্দরবনে কে বা কারা এবং কাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে আগুন দিয়েছে তা আমি, আমরা ও আপনারা সবাই জানেন। তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা দরকার।’
অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী বলেন, সুন্দরবনের নলখাগড়া বনে জিয়ল মাছ পাওয়া যায়। এই জিয়ল মাছ ধরার জন্য দুর্বৃত্তরা বনে আগুন লাগানোর মতো কাজ করে থাকে।
সুন্দরবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহমেদ, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।