সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবুল কালাম আজাদকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম এবং জিউধরা ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ।

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী রাতে এই প্রতিবেদককে বলেন, কমিটিকে বনে আগুনের কারণ ও আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাত হয়ে যাওয়ায় বনের আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস দল মোরেলগঞ্জে ফিরে গেছে। আগামীকাল শুক্রবার সকালে তাদের আবার কাজ শুরু করা কথা রয়েছে। তবে রাতে আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বন বিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

আমির হোসাইন চৌধুরী আরও বলেন, আগুন এখনো থেমে থেমে জ্বলছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন বিভাগের কর্মীরা দমকলকর্মীদের নিয়ে আগুন নেভানোর কাজ করেছেন। ওই এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা বাড়ছে।

বুধবার শেষ বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন বনের পঁয়ষট্টি ছিলা এলাকায় বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে বনকর্মীরা আগুন লাগার ঘটনাটি বুঝতে পারেন। তবে বন বিভাগ আগুন ধরার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।