সুন্দরবনে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি
সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সুন্দরবনের জন্য আলাদা মন্ত্রণালয় করাসহ বন্য প্রাণী আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখারও দাবি উঠেছে।
গতকাল শুক্রবার খুলনা নগরের কনসেন্স মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’, খুলনা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সাল থেকে ১৪ বছরে সুন্দরবনে ২২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল অগ্নিকাণ্ডকে নাশকতা উল্লেখ করে বন আইনে বাগেরহাটের শরণখোলা থানায় দুটি মামলা করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। মামলা দুটিতে স্থানীয় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। কিন্তু সুন্দরবন ধ্বংসকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারছে না পুলিশ প্রশাসন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। নাশকতার নামে কোনো চক্র ফায়দা লোটার চেষ্টা করছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। জনগণের আস্থা আনতে হলে বন বিভাগকে বাইরে রেখে তদন্ত কমিটি গঠন করতে হবে।
সুন্দরবনকে বাঁচাতে নাগরিক ঐক্য গড়ে তোলার জন্য জনমত তৈরির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, দিন দিন সুন্দরবন থেকে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। সুন্দরবন আজ অরক্ষিত। আশপাশের খালগুলো শুকিয়ে যাচ্ছে। বাড়ছে একের পর এক নাশকতা। সুন্দরবনকে নিয়ে চলছে নানা চক্রান্ত। এগুলো প্রতিহত করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদা, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব সোহরাব হোসেন, সেফের দীপক দে, নারীনেত্রী তছলিমা খাতুন, ব্লাস্টের সমন্বয়কারী অশোক কুমার সাহা, নারীনেত্রী সিলভী হারুন, নাগরিক অধিকারের সাইদুর রহমান, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় ও কবি রুহুল আমিন সিদ্দিকি উপস্থিত ছিলেন।