সুন্দরবনে অপহরণ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুরা দস্তুরমতো অপহরণ-বাণিজ্যে নেমেছে। এ কারণে সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যাওয়া কয়েক হাজার জেলে বনদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। জেলেদের জিম্মি করে দস্যুরা নৌকাপ্রতি ১০ হাজার টাকা আদায় করছে বলে জানা গেছে।সুন্দরবন থেকে মাছ ধরে ফিরে আসা শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, রমজাননগরসহ আশপাশের এলাকার রহমান গাজী, হারান গাজী, জি এম আবদুল হামিদসহ কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের অত্যাচার বেড়ে গেছে। মজনু ও আলিম বাহিনীর কাছে জেলেরা অসহায় ও জিম্মি হয়ে পড়েছেন।সুন্দরবনে মাছ শিকারের সঙ্গে জড়িত শ্যামনগর উপজেলার টেংরাখালীর হাবিবুল ইসলাম, মীরগাং গ্রামের সামাদ আলী ও মতুরাপুর গ্রামের আশুতোষ মণ্ডলসহ কয়েকজন অভিযোগ করেন, মজনু ও আলিম বাহিনীর সদস্যরা পশ্চিম সুন্দরবন এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। মুক্তিপণের দাবিতে প্রায় প্রতিদিনই এ দুই দস্যু বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করছে। জেলেরা জানান, অপহূত ব্যক্তিকে মেরে ফেলার হুমকি দেওয়ার কারণে গোপনে তাঁদের পরিবারের লোকজন মুক্তিপণের টাকা পরিশোধ করেন। কিন্তু কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয় না। নিয়মিত টহল ও কোস্টগার্ডসহ পুলিশের নজরদারি না থাকার সুযোগে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে বলে তাঁরা অভিযোগ করেন।নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনসংলগ্ন গ্রামে বাস করেন এমন এক ইউপি সদস্য জানান, বনদস্যু বাহিনীর প্রধান মোতালেব ও জয়নালের মৃত্যুর পর তাদের বাহিনীর অন্য সদস্যরা সংগঠিত হয়ে বর্তমানে পশ্চিম সুন্দরবন এলাকা নিয়ন্ত্রণ করছে। বর্তমানে আলিম ও মজনু বাহিনীর প্রায় ৭০ জন সদস্য পৃথক দুটি দলে বিভক্ত হয়ে গোটা এলাকা নিয়ন্ত্রণ করছে। এদের কাছে আগ্নেয়াস্ত্র, ল্যাপটপ ও অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে বলে জানা গেছে।গাবুরা গ্রামের মইজদ্দি গাজী ও সোরা গ্রামের তরিকুলসহ পানখালী গ্রামের কমলেশ মণ্ডল জানান, কয়েক মাস ধরে জলদস্যুরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া প্রতিটি নৌকা থেকে ১০ হাজার টাকা করে আদায় করছে। শ্যামনগরের ভেটখালী গ্রামের শহীদুজ্জামান ও কদমতলা গ্রামের সুরেশ মণ্ডল বলেন, ‘নদীতে নামলি ডাকাতগো টাকা দিতে হবে। টিকা (টাকা) দিতে না পারলি আটক কুরে নির্যাতন কুরে।’কয়েকজন জেলে জানান, শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে শুরু করে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, রমজাননগর, কৈখালী ও পদ্মপুকুর ইউনিয়নের এক হাজার ৬০০ জেলের তালিকা করে প্রত্যেককে নৌকাপিছু ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বনদস্যুরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তালিকাভুক্ত জেলেরা টাকা না দিলে অপহরণ করে দ্বিগুণ মুক্তিপণ আদায় করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নৌকামালিক জেলেদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম জানান, আধুনিক জলযান না থাকায় স্বল্প জনবলের কারণে দুর্গম এলাকায় বনদস্যুদের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে।সম্প্রতি শ্যামনগরে যোগদান করেছেন উল্লেখ করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, তিনি শুনেছেন বনদস্যুদের অপহরণ-বাণিজ্য বেড়ে গেছে। জেলেদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।